বুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৩:৩২

র‍্যাবের হাতে বেশ কয়েকজন ডাকাত গ্রেপ্তার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : নির্মাণাধীন ঢাকা নারায়ণগঞ্জের ফতুল্লায় ডিপিডিসি বিদ্যুৎকেন্দ্রে ৬৫ লাখ টাকার মালামাল ডাকাতির ঘটনায় র‍্যাব-১১ অভিযান চালিয়ে ডাকাত সর্দার লিটনসহ ৯ জনকে গ্রেপ্তার করেছেন।
এ সময় লুন্ঠিত বৈদ্যুতিক সরঞ্জাম ও ডাকাতির কাজে ব্যবহৃত একটি ট্রাক উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার আদমজী র‍্যাব-১১ এর কার্যালয়ে র‍্যাবের অধিনায়ক (সিইও) লে. কর্নেল জনাব, এইচ এম সাজ্জাদ হোসেন প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।
লে. কর্নেল জনাব, এইচ এম সাজ্জাদ হোসেন জানান, গ্রেপ্তারকৃতদের মধ্যে লিটনের নামে ৫ টি ডাকাতি, ২ টি অস্ত্র ও ১ টি মাদক মামলাসহ মোট নয়টি মামলা আছে। রোমানের নামে ৪ টি মাদক মামলা এবং সাগর মুন্সির নামে একটি মামলা রয়েছে।
তিনি আরও বলেন, তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত খেলনা পিস্তল, চাকু, চাপাতি ও ১২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এখনো পলাতক আসামিদের ধরতে অভিযান চলছে এবং গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।