ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : কাভার্ডভ্যানের ধাক্কায় চট্টগ্রামের মিরসরাইয়ে বাবা-মেয়ে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৪ জন। আজ শুক্রবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার ঠাকুরদিঘী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, মোহাম্মদ গোলাম সরোয়ার (৪০) ও তার মেয়ে মুসকান (৩)। তারা ঢাকা থেকে কক্সবাজার বেড়াতে যাচ্ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, আজ সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে ঠাকুরদিঘী এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেয় রাজধানীর উত্তরা থেকে আসা একটি প্রাইভেটকার। এসময় ঘটনাস্থলে বাবা ও মেয়ে নিহত হন।
পরে মিরসরাই ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে দুইজনের মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেন। আহতদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় এবং এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।