ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : অস্ত্র ও গুলিসহ সুন্দরবন থেকে বনদস্যু ছোট সুমন বাহিনীর চার সদস্যকে আটক করেছেন কোস্ট গার্ড। কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা (ঢাকা) লেফটেন্যান্ট কমান্ডার জনাব, সিয়াম-উল-হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ শনিবার দিবাগত রাত ১টার দিকে কোস্ট গার্ড সদস্যরা সুন্দরবনের পশুর নদী সংলগ্ন ছোট পদ্মা খাল এলাকায় অভিযান চালায়। এ সময় কোস্ট গার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
পরে কোস্ট গার্ড সদস্যরা ধাওয়া করে ১টি একনালা বন্দুক, ৪ রাউন্ড তাজা গুলি ও ৪ রাউন্ড ফাঁকা গুলিসহ সুন্দরবনের কুখ্যাত ডাকাত ছোট সুমন বাহিনীর ৪ সদস্যকে আটক করেন।
আটক ব্যক্তিরা হলেন, মো. বিল্লাল হোসেন (২৫), মো. রবিউল শেখ (৩২), মো. জিন্নাত হাওলাদার (৩৫) ও মো. কালাম গাজী (২৪)। তাদের বাড়ি খুলনা ও বাগেরহাটে। তারা দীর্ঘদিন যাবৎ ছোট সুমন বাহিনীর সঙ্গে ডাকাতি ও ডাকাত দলকে অস্ত্র, গোলাবারুদ ও রসদ সরবরাহ করে আসছিল।