রবিবার, ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৭:৪৫

মাদক কারবারি হেরোইনসহ গ্রেফতার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : আনুমানিক এক কোটি ২০ লাখ টাকা মূল্যের হেরোইনসহ ঢাকা রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছেন ঢাকা ডিবি-মতিঝিল বিভাগ। গ্রেফতার ব্যক্তির নাম, মো. উজ্জল আলী (৪৭)।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) জনাব, মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান। তিনি বলেন, মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাতে ঢাকা ডিবি-মতিঝিল বিভাগের একটি টিম হাতিরঝিলে বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে হাতিরঝিল থানাধীন মধুবাগ এলাকায় কয়েকজন মাদক কারবারি হেরোইন ক্রয়-বিক্রয়ের উদ্দেশে অবস্থান করছে।
এমন সংবাদে সেখানে তারা অভিযান পরিচালনা করে মো. উজ্জল আলীকে গ্রেফতার করেন। এসময় তার হেফাজত থেকে এক কেজি ২০০ গ্রাম হেরোইন উদ্ধার করেন পুলিশ। উদ্ধার হেরোইনের আনুমানিক মূল্য এক কোটি ২০ লাখ টাকা।
তিনি আরও বলেন, গ্রেফতার মো. উজ্জল আলী সংঘবদ্ধ মাদক কারবারি চক্রের সক্রিয় সদস্য।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সে দীর্ঘদিন যাবৎ চাঁপাইনবাবগঞ্জ এবং সাতক্ষীরার সীমান্তবর্তী এলাকা থেকে হেরোইনসহ বিভিন্ন মাদকদ্রব্য সংগ্রহ করে ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা বিক্রি করে আসছে। এই আসামির বিরুদ্ধে ঢাকা মহানগরীসহ বিভিন্ন থানায় ১৪টি মামলা রয়েছে।