শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৫:৪৫

গুলি করে হত্যা।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : রুবেল (৩০) নামের এক নৈশপ্রহরী ঢাকার সাভারে খুন হয়েছেন। দুর্বৃত্তরা তাঁকে বাসা থেকে ডেকে নিয়ে গুলি করে হত্যা করেছে বলে পুলিশ জানিয়েছেন। ঈদের দিন গতকাল সোমবার রাতে সাভার পৌর এলাকার বাঁশপট্টি মহল্লায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
রুবেলের স্ত্রী রহিমা বেগম বলেন, আমার স্বামী দুই মাস আগে বাঁশপট্টি এলাকায় রাতে নৈশপ্রহরীর কাজ নেন। সোমবার রাত ১১টার দিকে আমার স্বামীর মোবাইল ফোনে একটা কল আসে। এরপর তিনি বাসা থেকে বের হয়ে যান। কিছু সময় পরেই খবর পাই, আমার স্বামীকে কে বা কারা গুলি করছে। তিনি বাঁশপট্টি এলাকায় পড়ে আছেন। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। তাঁকে চিকিৎসার জন্য এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে ডাক্তার দেখে জানান, আমার স্বামী মারা গেছেন।
সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, মোহাম্মদ জুয়েল মিয়া বলেন, কী কারণে নৈশপ্রহরী রুবেলকে হত্যা করা হয়েছে এবং কারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, তা নিশ্চিত হওয়া যায়নি। আমাদের টিম কাজ করছে। খুব শিগগির সব জানা যাবে এবং মামলার প্রস্তুতি চলছে।