সোমবার, ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১০:৫৭

আরো কয়েক বছর থাকতে পারে ডেঙ্গুর প্রকোপ।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : আরো চার-পাঁচ বছর মানুষকে ভোগাবে দেশে ডেঙ্গুর প্রকোপ এবং এ আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। তাঁরা বলছেন, প্রতিবছর রোগের প্রকোপ ও মৃত্যু বাড়বে। চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যু বেশি হওয়ার পেছনে তিনটি কারণের কথা জানিয়েছেন গবেষকরা। প্রথমত, ডেঙ্গু ভাইরাসের ধরন ডেন-২ সেরোটাইপে বেশি আক্রান্ত হওয়া, দ্বিতীয়ত, একই ব্যক্তির একাধিকবার ডেঙ্গু হওয়া ও ডেঙ্গুর ভুল নেগেটিভ ফল বেশি আসা।
গতকাল শনিবার বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের এক অনুষ্ঠানে গবেষকরা এসব তথ্য জানান।
সম্প্রতি স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব ও গবেষণা বিভাগ এবং বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের উদ্যোগে এবং আইসিডিডিআরবির সহযোগিতায় শিশুদের মধ্যে ডেঙ্গু ভাইরাস সংক্রমণের রোগতাত্ত্বিক সেরোটাইপ নির্ধারণের ওপর একটি গবেষণা করা হয়।
এ ব্যাপারে শিশু হাসপাতালটির পরিচালক অধ্যাপক ডা. মো. জাহাঙ্গীর আলম বলেন, জানুয়ারি থেকে ৮ অক্টোবর পর্যন্ত শিশু হাসপাতালে এক হাজার ৬৪৯ ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসা নেয়। এর মধ্যে ৭২২ জন ভর্তি রোগীর ওপর আমরা ছোট আকারে গবেষণা করে দেখেছি, ৩৯ জনের বা ৫.৪ শতাংশের দ্বিতীয়বার ডেঙ্গু হয়েছে।