ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : সীমান্তে সর্বোচ্চ সতর্কতা। দেশের সার্বভৌমত্ব রক্ষা ও সীমান্ত নিরাপত্তা জোরদারে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি)। অবৈধ অনুপ্রবেশ, আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে টহল, গোয়েন্দা নজরদারি এবং বিশেষ অভিযান জোরদার করেছেন বাহিনীটি।
সীমান্তের ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর এলাকাগুলো চিহ্নিত করে দিন-রাত বিশেষ টহল পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি মাইকিং, মসজিদ ও জনসমাগমস্থলে সচেতনতামূলক সভা এবং বিভিন্ন স্থানে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে নজরদারি বাড়ানো হয়েছে।
রাতের অন্ধকারে সীমান্ত পর্যবেক্ষণ কার্যক্রম আরও কার্যকর করতে গুরুত্বপূর্ণ স্থানে ফ্লাডলাইট স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে থার্মাল ড্রোনসহ আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো হচ্ছে।
এসব তথ্য জানান ৫০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জনাব, মো. জুবায়ের আনোয়ার।