সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১১:০৬

ছুরিকাঘাতে যুবক নিহত।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ছুরিকাঘাতে ঢাকা রাজধানীর যাত্রাবাড়ী কুতুবখালী এলাকায় অজ্ঞাত এক যুবক নিহতের ঘটনা ঘটেছে। তার নাম-পরিচয় জানতে পারেনি পুলিশ। তবে ওই যুবকের বয়স আনুমানিক ২৮ বছর।
গতকাল রোববার দিবাগত রাত ৩টার দিকে থানা-পুলিশ ওই যুবককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। সেখানে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা যাত্রাবাড়ী থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. হাসান আলী বলেন, রাতে টহলের সময় কুতুবখালী মাদ্রাসা ভবনের পেছনে এক যুবকের রক্তাক্ত অবস্থায় পড়ে থাকার খবর জানান ওই মাদ্রাসারই কিছু ছাত্র। পরে ঘটনাস্থল থেকে ওই যুবককে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। সেখানে আনার পর তিনি মারা যান। তার মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে এবং এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।