ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ফায়ার সার্ভিসের সচেতনতামূলক মহড়া। ঢাকা রাজধানীর মহাখালীর সাততলা বস্তি ও চকবাজারে অগ্নিনিরাপত্তা বিষয়ে সচেতনতা বৃদ্ধি, অগ্নিকাণ্ড প্রতিরোধ, উদ্ধার ও প্রাথমিক চিকিৎসা কার্যক্রম সম্পর্কে জনসাধারণকে প্রশিক্ষিত করতে পৃথক সচেতনতামূলক মহড়া আয়োজন করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।
মহাপরিচালক মহোদয়ের নির্দেশনায় আয়োজিত এসব মহড়া অনুষ্ঠিত হয়। মহড়ার শুরুতে বস্তিবাসীদের অগ্নিপ্রতিরোধে করণীয়, দুর্ঘটনার প্রাথমিক পর্যায়ে করণীয়, ফায়ার এক্সটিংগুইসার ব্যবহারের নিয়ম এবং অগ্নিনির্বাপণ যন্ত্র না থাকলে মোটা কাপড় বা চটের বস্তা ভিজিয়ে আগুন নেভানোর কৌশল শেখানো হয়। এরপর গ্যাস সিলিন্ডারে আগুন নির্বাপণের কৌশল প্রদর্শন ও অনুশীলন করানো হয়।
পরবর্তী সময়ে ফায়ার সার্ভিসের সঙ্গে বস্তিবাসী, এলাকাবাসী ও স্বেচ্ছাসেবকদের সক্রিয় অংশগ্রহণে অগ্নিনির্বাপণ, উদ্ধার ও প্রাথমিক চিকিৎসাবিষয়ক একটি কার্যকরী মহড়া অনুষ্ঠিত হয়। এতে বারিধারা, তেজগাঁও ও কুর্মিটোলা ফায়ার স্টেশন অংশগ্রহণ করেন।