ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : জামিয়া আশরাফিয়া মাদ্রাসায় অগ্নিকাণ্ডের ঘটনায় ধোঁয়ায় অসুস্থ হয়ে ৪৮ শিক্ষার্থী হাসপাতালে ভর্তি হয়েছেন, আর এ ঘটনা ঘটেছে ঢাকা নারায়ণগঞ্জের ফতুল্লার সাইনবোর্ড এলাকায়। তাদের সবাইকে ঢাকা রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। অসুস্থদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় তিনজনকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।
আজ মঙ্গলবার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের রেসিডেন্ট সার্জন (ইমার্জেন্সি) ডা. সুলতান মাহমুদ শিকদার বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গতকাল সোমবার দিবাগত রাত ১টা ৫৫ মিনিটের দিকে মাদ্রাসাটিতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় পৌনে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার শাহজাহান বলেন, রাত ১টা ৫৫ মিনিটে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট সেখানে পৌঁছে। পরে রাত ৩টা ৪৪ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। পাঁচতলা মাদ্রাসা ভবনের দ্বিতীয় তলায় এ আগুন লেগেছিল। আর সেখানে লাইব্রেরি ছিল বলে জানিয়েছেন হাসপাতালে আসা শিক্ষার্থীরা। আগুনে লাইব্রেরিটি পুড়ে গেছে।