ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বিশেষ অভিযান চালিয়ে মুন্সীগঞ্জের টংগিবাড়ীতে দুটি গাঁজার গাছসহ মো. মোমিন ঢালী (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছেন পুলিশ। বুধবার (১২ আগস্ট) আব্দুল্লাহপুর ইউনিয়নে এ অভিযান পরিচালনা করে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, জেলা পুলিশ সুপারের দিকনির্দেশনায় টংগিবাড়ী থানা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ইউনিয়নের পশ্চিম পাইকপাড়া এলাকায় মোমিন ঢালীর একচালা টিনের ঘরের দক্ষিণ পাশ থেকে গাঁজার গাছ দুটি উদ্ধার করা হয়।
গাছ দুটির মধ্যে একটির উচ্চতা আনুমানিক ৫ ফুট ২ ইঞ্চি এবং অপরটির উচ্চতা প্রায় ৩ ফুট ৯ ইঞ্চি। পুলিশ জানায়, গ্রেফতার মোমিন ঢালী ওই গাছগুলোর পরিচর্যা করতেন। তিনি পাইকপাড়া এলাকার মৃত আব্দুল জলিল ঢালীর ছেলে।
এ ঘটনায় টংগিবাড়ী থানায় নিয়মিত মাদক মামলা দায়ের করা হয়েছে।