শনিবার, ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৮:০২

হাসপাতাল চালুর দাবিতে অবরোধ।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মেডিকেল কলেজে হাসপাতাল চালুর দাবিতে মহাসড়ক অবরোধ। সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের কার্যক্রম শুরু না হওয়ায় এবার সিলেট–সুনামগঞ্জ মহাসড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। আজ শনিবার সুনামগঞ্জে সকালে প্রায় ৩০ মিনিট সড়ক অবরোধ করে বিক্ষোভে নামেন তারা। এতে সুনামগঞ্জে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং ভোগান্তিতে পড়ে শত শত যাত্রী। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।
আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, হাসপাতালের অবকাঠামো নির্মাণ শেষ হলেও দীর্ঘদিন ধরে এটি চালু না হওয়ায় তারা প্রয়োজনীয় ক্লিনিক্যাল শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছেন। একই সঙ্গে জেলার সাধারণ মানুষও কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা পাচ্ছেন না। বারবার আশ্বাস মিললেও বাস্তবে কোনো অগ্রগতি না হওয়ায় তারা কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হয়েছেন।
আন্দোলনরত শিক্ষার্থী প্রীতিরাজ বলেন, কয়েক বছর ধরে আমরা আন্দোলন করে আসছি। শুধু আশ্বাসই পেয়েছি, কিন্তু কোনো বাস্তব সমাধান হয়নি। হাসপাতাল চালুর ঘোষণা না আসা পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।
শিক্ষার্থীদের অভিযোগ, ৫০০ শয্যার হাসপাতালের ভবনসহ প্রয়োজনীয় অবকাঠামো প্রস্তুত থাকলেও জনবল নিয়োগ ও প্রশাসনিক জটিলতার কারণে হাসপাতাল চালু হচ্ছে না। ফলে একদিকে মেডিকেল শিক্ষার্থীরা হাতে-কলমে প্রশিক্ষণ থেকে বঞ্চিত হচ্ছেন, অন্যদিকে সুনামগঞ্জের মানুষ উন্নত চিকিৎসাসেবা পাচ্ছে না।
এ বিষয়ে কলেজের অধ্যক্ষ মুস্তাক আহমেদ ভূঁইয়া বলেন, মন্ত্রণালয় শূন্য শিক্ষক পদের তালিকা চেয়েছেন এবং দ্রুত নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে। হাসপাতাল চালুর বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। প্রয়োজনীয় জনবল নিয়োগের প্রক্রিয়া এগিয়ে নেওয়ার কথা জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।