ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ভ্রাম্যমাণ আদালতের অভিযানে কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার এলাকায় অবৈধভাবে ডিজেল ও অকটেন মজুত করার দায়ে এক ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।
সোমবার (৬ এপ্রিল) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের নিমসার পরিহলপাড়া মহাসড়কের পাশে অবস্থিত পারভেজ মবিল হাউসে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব, মো. তানভীর হোসেন।
অভিযানে প্রতিষ্ঠানটিতে অবৈধভাবে মজুত রাখা ১ হাজার ৬৮৫ লিটার ডিজেল ও ৯৫ লিটার অকটেন জব্দ করা হয়। এ অপরাধে পারভেজ মবিল হাউসের মালিক পরিহলপাড়া এলাকার মৃত শাহ আলমের ছেলে সাইফুল ইসলাম রনিকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। উদ্ধার করা তেল ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জব্দ করে নিয়ে যাওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব, তানভীর হোসেন জানান, অবৈধভাবে জ্বালানি তেল মজুত ও বিক্রির বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।