ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : হরিণের চামড়াসহ ২৪ কেজি মাংস উদ্ধার করেছেন কোস্ট গার্ড, আর এ ঘটনা বাগেরহাটের মোংলা উপজেলায়। আজ শনিবার (১২ এপ্রিল) কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট জনাব, মাহবুব হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শুক্রবার রাত ১০টার দিকে মোংলার জয়মনিরগোল বালুর মাঠ সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান চালায় কোস্ট গার্ড। সেই সময় উক্ত এলাকা তল্লাশি করে একটি হরিণের চামড়াসহ ২৪ কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়। একইসঙ্গে শিকারের কাজে ব্যবহৃত একটি কাঠের বোটও জব্দ করা হয়। তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে হরিণ শিকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত হরিণের চামড়া, মাংস এবং কাঠের বোট পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নন্দবালা ফরেস্ট অফিসের নিকট হস্তান্তর করা হয়েছে।