ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ঘুষ লেনদেনের সময় ঠাকুরগাঁও পাসপোর্ট অফিসের অ্যাসিস্ট্যান্ট একাউন্টেন্ট ফারুক আহমেদকে হাতেনাতে গ্রেফতার করেছেন দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল মঙ্গলবার ঠাকুরগাঁও পৌরশহরের বাজারপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
দুদক জানায়, পাসপোর্টের সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে এক গ্রাহকের কাছ থেকে ৫০ হাজার টাকা ঘুষ দাবি করেন ফারুক আহমেদ। প্রথম কিস্তিতে ২০ হাজার টাকা ঘুষ নেওয়ার সময় দুদকের একটি বিশেষ টিম তাকে গ্রেফতার করেন। ভুক্তভোগী ঘুষ চাওয়ার বিষয়টি জানালে এই অভিযান পরিচালনা করেন দুদক।
দুদক কার্যালয় ঠাকুরগাঁওয়ের উপ-পরিচালক জনাব, তাহসিন মুনাবীল হক বলেন, নতুন কমিশনের প্রথম অভিযান এটি। ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে আমাদের একটি গোপন টিমসহ সেই এলাকায় অবস্থান নেই। ফারুক আহমেদ টাকা নিতে আসলে তখন তাকে আমরা হাতেনাতে গ্রেফতার করি। তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইনে মামলা দায়ের করা হয়েছে। এছাড়া তার ঘুষ গ্রহণের সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।