মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১১:২৩

অস্ত্রসহ তিনজন ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ডাকাতির প্রস্তুতিকালে খুলনা মহানগরীতে অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৩ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন, যশোর কেশবপুরের সফিনর দফাদারের ছেলে সজল দফাদার (২২), নগরীর সবুপাড়া মেইল রোডের জনি হাওলাদারের ছেলে সাব্বির হাওলাদার (১৯) ও বাগমারা ২নং ব্যাংকার্স গলির বাসিন্দা মো. সেলিম শেখের ছেলে আকাশ শেখ (১৯)।
খুলনা সদর থানার সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার জনাব, মো. কুতুব উদ্দিন। তিনি বলেন, গতকাল বুধবার (৮ জানুয়ারি) খুলনা মহানগরীর সদর থানাধীন বাংলা রোডস্থ পুরাতন নির্বাচন অফিসের বিপরীতে হিমু লেনের ভেতর ডাকাতির প্রস্তুতিকালে কিশোর গ্যাংয়ের ৩ সদস্যকে গ্রেফতার করা হয়।
এসময় তাদের কাছ থেকে কভারসহ একটি গুপ্তি, একটি ডাবল সুইচ গিয়ার ছুরি, একটি বাটযুক্ত ধারালো ছুরি এবং একটি লাল টেপ দিয়ে মোড়ানো লোহার রড উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে খুলনা সদর থানায় ডাকাতির প্রস্তুতির মামলা দায়ের করা হয়েছে।