মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১১:২৩

মাদকদ্রব্যসহ ভারতীয় পণ্য উদ্ধার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) অভিযান চালিয়ে সাতক্ষীরা সীমান্তের বিভিন্ন এলাকায় ৩ হাজার পিস ইয়াবা, ২৬ বোতল মদ, সাড়ে ২৬ লাখ টাকার ভারতীয় শাড়ি-কাপড় ও ঔষধ সামগ্রী উদ্ধার করেছেন। গতকাল বৃহস্পতিবার (০২ ডিসেম্বর) বিভিন্ন সময় সীমান্তে বিজিবি অভিযান চালিয়ে অবৈধ এসব মাদকদ্রব্য ও ভারতীয় পণ্য উদ্ধার করে।
সাতক্ষীরা-৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্ট্যাট কর্নেল জনাব, আশরাফুল হক এক প্রেস বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার দিনভর অভিযান চালিয়ে সাতক্ষীরার ভোমরা সীমান্তের চৌরঙ্গী এলাকা থেকে তিন হাজার পিস ইয়াবা, কলারোয়া উপজেলার কেড়াগাছি, হিজলদী ও চান্দুড়িয়া থেকে ২৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। এসময় মাদক ব্যবসায়ীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
তিনি আরও জানান, ভোমরার ফলের মোড়, ঘোনা, দাঁতভাঙ্গা, তলুইগাছা সীমান্ত থেকে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি-কাপড় এবং চান্দুড়িয়ার কাদপুর সীমান্ত থেকে অনুমোদনহীন বিপুল পরিমাণ ভারতীয় ঔষধ সামগ্রিক উদ্ধার করা হয়। এসময় চোরাকারবারিরা পালিয়ে যায়। উদ্ধারকৃত শাড়ি-কাপড় ও ঔষধ সামগ্রীর আনুমানিক মূল্য ২৬ লাখ ৩৪ হাজার টাকা। উদ্ধারকৃত মদ ও ইয়াবা সাতক্ষীরা মাদকদ্রব্য অধিদপ্তর এবং শাড়ি-কাপড় কাস্টমসে জমা দেওয়া হয়েছে।