মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১:২৩

বয়সের ছাড়, সরকারি চাকরিতে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বয়সের ক্ষেত্রে ৫ মাসের ছাড় পাবেন সরকারি চাকরি প্রার্থীরা। মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ পরিস্থিতির কারণে ক্ষতিগ্রস্ত প্রার্থীদের সরকারি চাকরিতে প্রবেশের ক্ষেত্রে বয়স শিথিল করেছে সরকার।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, করোনার কারণে বন্ধের মধ্যে মন্ত্রণালয় বিভাগ কিংবা সংস্থা চাকরির জন্য বিজ্ঞপ্তি দিতে পারেনি। অনেকের চাকরির বয়স এই সময়ের মধ্যে চলে গেছে। সেক্ষেত্রে তারা ৫ মাসের বয়সের একটা ছাড় পাবেন। আগস্ট পর্যন্ত বিজ্ঞপ্তিগুলোতে আবেদন করতে পারবেন তারা। বর্তমানে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩০ বছর, মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে ৩২ বছর। প্রথম ও দ্বিতীয় শ্রেণির চাকরিতে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) মাধ্যমে নিয়োগ দেয়া হয়। তৃতীয় ও চতুর্থ শ্রেণির পদগুলোতে নিয়োগের দায়িত্ব সংশ্লিষ্ট সরকারি দফতরের।
ফরহাদ হোসেন বলেন, ২৬ মার্চের পর মার্চ-এপ্রিল-মে-জুন-জুলাই-আগস্ট পর্যন্ত যে সমস্ত মন্ত্রণালয় চাকরির জন্য তাদের বিজ্ঞাপন দেওয়ার কথা ছিল কিন্তু দিতে পারেনি তারা আগস্টের পর থেকে বিজ্ঞপ্তি দিচ্ছে। সেই ক্ষেত্রে প্রার্থী যারা থাকবে তাদের জন্য আবেদন চাইবে যে ২৫ মার্চ তাদের বয়স ৩০ বছর হতে হবে। এটুকু দিলে তারা (চাকরি প্রত্যাশী) কনসেশনটা পেয়ে গেল।
আবেদনকারীদের জন্য এ সুবিধা গত আগস্ট মাস পর্যন্ত থাকবে জানিয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, আগস্টের পর তো নিয়োগ বিজ্ঞপ্তি যাচ্ছে। সেপ্টেম্বর মাস থেকে যে বিজ্ঞপ্তিগুলো যাচ্ছে ২৫ মার্চ তার ৩০ বছর হয়ে যাবে। তাহলে আর কোনো সমস্যা হবে না।
সরকারি চাকরির বয়স বাড়িয়ে ৩৫ বছর করার দাবির বিষয়ে তিনি বলেন, চাকরির বয়স যেটা (৩০ বছর) আছে সেটাই থাকবে। শুধু যেহেতু কোভিড সিচ্যুয়েশনের কারণে ওই সময়টায় ২৬ মার্চ থেকে ছুটি শুরু হয়েছে, ২৫ মার্চ বয়স ৩০ বছর হতে হবে। এটা আমরা বিজ্ঞপ্তিতে উল্লেখ করে দেব।
তাতে যাদের বয়স পার হয়ে গেছে তারাও আবেদনটা করতে পারবে। ক্ষতিগ্রস্ত প্রার্থীদের বিষয়টি নিয়ে এর আগেও আলোচনা করেছিলাম যে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবো জানিয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। প্রধানমন্ত্রী সম্মতি জানিয়েছেন, নির্দেশনা দিয়েছেন। এটা প্রধানমন্ত্রীর নির্দেশনা।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, সরকারি সব মন্ত্রণালয়, দপ্তর, সংস্থা, অধিদপ্তরে যেখানে চাকরির জন্য বিজ্ঞাপন দেওয়ার কথা ছিল তাদের সবার জন্য এটা প্রযোজ্য হবে। অর্থাৎ সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত সব প্রতিষ্ঠানের ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে।