মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৪:৪৯

১ টাকার উদ্যোগ গ্রহণ।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ১ টাকার উদ্যোগ গ্রহণ। এক টাকা দিয়ে এখন আর তেমন কিছু হয়তো পাওয়া যায় না। তবে এই এক টাকাকে মানুষের মর্যাদা, অংশগ্রহণ এবং সামাজিক দায়িত্ববোধের প্রতীকে পরিণত করেছেন এক তরুণ। তাঁর বিশ্বাস, সাহায্য শুধু দান নয়, মানুষকে সম্মান দিয়ে পাশে দাঁড়ানোরও একটি পথ। সেই বিশ্বাস থেকে শুরু হয় ‘১ টাকায় একবেলার খাবার’ কর্মসূচি, যা ধীরে ধীরে রূপ নেয় বহুমাত্রিক সামাজিক আন্দোলনে। এই ব্যতিক্রমী উদ্যোগের উদ্যোক্তা সফল স্বেচ্ছাসেবী সংগঠক ও সমাজকর্মী প্রিন্স ঘোষ।
২০১৮ সালে জাতীয় পর্যায়ের একটি ছবি প্রতিযোগিতা আয়োজনের পর অব্যবহৃত অর্থ দিয়ে তিনি শুরু করেন এই কর্মসূচি। উদ্দেশ্য কেবল খাবার বিতরণ নয়, বরং সহায়তা গ্রহণকারী মানুষের আত্মমর্যাদা অক্ষুন্ন রাখা। এক টাকা ছিল অংশগ্রহণ ও সম্মানের প্রতীক। এই ভাবনা থেকে পরে চালু হয় ‘এক টাকার সুপারশপ’, ‘এক টাকার মোবাইল দোকান’ এবং ‘এক টাকায় চিকিৎসা’সহ নানান মানবিক উদ্যোগ।