ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : আচার খাওয়াকে কেন্দ্র করে তুচ্ছ ঘটনায় কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার নাথেরপেটুয়া রেলস্টেশন বাজারে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ জন আহত হওয়ার পাশাপাশি বেশ কয়েকটি দোকানপাট ভাঙচুর ও লুটপাট করা হয়েছে। এছাড়া বিক্ষুব্ধ জনতা কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ ও মোটরসাইকেল পুড়িয়ে দেওয়ায় দীর্ঘ সময় যান চলাচল বন্ধ থাকে।
বৃহস্পতিবার মনোহরগঞ্জের হাতীমারা ও নাঙ্গলকোটের পুজকরা গ্রামের লোকজনের মধ্যে দফায় দফায় এই ধাওয়া-পাল্টাধাওয়া চলে।
খবর পেয়ে লাকসাম ও চৌদ্দগ্রাম সার্কেলের পুলিশ কর্মকর্তা, মনোহরগঞ্জ, নাঙ্গলকোট এবং লাকসাম থানার পুলিশ দল ও কুমিল্লা পুলিশ লাইনস থেকে অতিরিক্ত পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, শাহীনূর ইসলাম জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এই সংঘর্ষের সূত্রপাত হয়েছিল। বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ শান্ত রয়েছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।