ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মাকে হত্যার অভিযোগ উঠেছে তার ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে আর এই ঘটনা নওগাঁর বদলগাছী উপজেলার দেউলিয়া গ্রামে। তাদের দুজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
থানা পুলিশ ও গ্রামবাসী সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার বিকালে ওই গ্রামের আকালু পাড়ার বাবুলের স্ত্রী ছবি বেগম (৪০) ছেলে সবুজ ও ছেলের বউকে সাথে নিয়ে বাড়ির অদূরে মাঠে ঘাস কাটতে যান। যেতে যেতে ছেলে ও তার স্ত্রীর সঙ্গে ছবি বেগমের ঝগড়া লেগে যায়। একপর্যায় ছেলের বউ রোমানা ক্ষোভে শাশুড়িকে ধাক্কা দেন। শাশুড়ি পড়ে যান এবং তখন তার গলা চেপে ধরে মাকে হত্যা করেন তার ছেলে সবুজ। পরে ধানক্ষেতে লাশ ফেলে রাখেন তারা। গ্রামের লোকজন ছোট যমুনা নদীর পাশে ধানক্ষেতে লাশ দেখতে পেয়ে থানায় খবর দিলে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, আতিকুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যান। ঘটনার প্রেক্ষাপট ধরে জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী বাবুল, ছেলে সবুজ ও তার স্ত্রী রোমানাকে থানায় নিলে সেখানে ছেলে হত্যার দায় স্বীকার করেন।