রবিবার, ১১ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৪:১৬

অভিযোগপত্র গ্রহণ অপু ভাই এর বিরুদ্ধে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : উত্তরা পূর্ব থানায় করা মামলায় ইয়াসিন আরাফাত অপু ওরফে টিকটক অপুসহ ছয়জনের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ করেছেন আদালত আর এই ঘটনা উত্তরার ৬ নম্বর সেক্টরের রাস্তায় মারামারির কারনে। গত ১১ অক্টোবর ঢাকা মহানগর হাকিম জনাব, মোহাম্মদ জসীমের আদালত মামলার অভিযোগপত্র গ্রহণ করেন বলে খবর জানা গেছে। তবে এই মামলায় পলাতক থাকায় আসামি মো. রনি ওরফে সৈয়দ রাকিবুর রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। এ বিষয়ে প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৮ নভেম্বর দিন ধার্য রয়েছে।
চলতি বছরের ৯ ফেব্রুয়ারি উত্তরা পূর্ব থানার উপপরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা মো. আজিজুর তালুকদার টিকটক অপুসহ ছয়জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। অভিযোগপত্রে উল্লেখিত অন্য আসামিরা হলেন মো. শাকিল হোসেন (২৬), মো. শাহদত হোসেন (৩০), মো. সানি (২২), মো. নাজমুল (২১) ও মো. রনি ওরফে সৈয়দ রাকিবুর রহমান (২৫)।
আসামি মুন্না ওরফে লুত্ফর রহমান (২২), জমির উদ্দিন (৪৫), মো. সুমন শেখ ওরফে পাপনের (২৭) বিরুদ্ধে অভিযোগ প্রমাণের পক্ষে কোনো নিরপেক্ষ প্রত্যক্ষ সাক্ষী না পাওয়ায় এবং ঘটনার সঙ্গে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাঁদের অব্যাহতি দেওয়ার আবেদন করা হয়। ১১ অক্টোবর আদালত আবেদন গ্রহণ করে তাঁদের অব্যাহতি দেন।