ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : পৃথক অভিযানে কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী এলাকায় ১ কোটি ৯০ লাখ টাকা মূল্যের ভারতীয় অবৈধ মালামাল জব্দ করেছেন সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)। আজ শনিবার (৪ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লা সেক্টরের সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জনাব, এস এম শরিফুল ইসলাম।
বিজিবি জানায়, মহাপরিচালকের নির্দেশনায় সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ শনিবার সকালে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল বিওপি, আদর্শ সদর উপজেলার বড়জ্বালা বিওপি এবং ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার খাদলা বিওপির টহল দল পৃথকভাবে বিশেষ অভিযান পরিচালনা করেন।
অভিযানে একটি পিকআপসহ বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করা হয়। জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে জিরা, মেহেদি, বিভিন্ন ধরনের কসমেটিকস সামগ্রী, শাড়ি, বাসমতী চাল, সাবান, ফুচকা, বাজি ও বিভিন্ন প্রকার ওষুধ। এসব পণ্যের মোট আনুমানিক মূল্য নির্ধারণ করা হয়েছে ১ কোটি ৯০ লাখ ৬৬ হাজার ৭০ টাকা।