ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : এক জুয়েলারি ব্যবসায়ীকে ঢাকা রাজধানীর হাজারীবাগ সেকশন এলাকায় গুলি করে
৭০ ভরি স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। আহত জুয়েলারি ব্যবসায়ীর নাম সজল রাজবংশী (৩৭)।
গতকাল বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাত ১১টার দিকে হাজারীবাগ সেকশন এলাকায় ঘটনাটি ঘটে। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসে স্বজনরা। পরে উন্নত চিকিৎসার জন্য ধানমন্ডি পপুলার হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, হাজারীবাগ এলাকা থেকে ওই যুকককে আহত অবস্থায় স্বজনরা হাসপাতালে নিয়ে আসে। পরে প্রাথমিক চিকিৎসা দিয়ে বেসরকারি হাসপাতালে নিয়ে যায়।
এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
স্বজনরা অভিযোগ করে জানান, ছিনতাইকারীরা সজল রাজবংশীর বাম পায়ে গুলি করে ৭০ ভরির স্বর্ণের ব্যাগ নিয়ে গেছে।