ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে কুমিল্লার লাকসামে মোটরসাইকেলের দুই আরোহীর মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দিবাগত রাতে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, লাকসাম উপজেলার গুনতি এলাকার তাবারক উল্লাহ (৪২) ও উত্তরকুল এলাকার বাসিন্দা মাসুদ আলম (২৮)। আহত ব্যক্তির নাম তাৎক্ষণিক জানা যায়নি।
পুলিশ ও স্থানীয়রা জানান, স্থানীয় একটি মাহফিল শেষে মোটরসাইকেল যোগে ফিরছিলেন ওই তিন ব্যক্তি। পথে তাদের মোটরসাইকেলের সঙ্গে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন দুইজন। দুর্ঘটনায় আহত ও নিহতদের উদ্ধার করে লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পরপরই ট্রাক ফেলে রেখে পালিয়ে গেছে চালক। পরে ট্রাকটি জব্দ করেছেন পুলিশ।