ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : স্কুলছাত্রীকে ধর্ষণ করে হত্যা মামলার পলাতক প্রধান আসামি মো. হাবিবুর রহমানকে গ্রেফতার করেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১১, আর এ ধর্ষণ ও হত্যার ঘটনা নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার।
বুধবার (২৬ জুন) এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন, র্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) সহকারী পুলিশ সুপার জনাব, মো. গোলাম মোর্শেদ।
এরআগে, মঙ্গলবার (২৫ জুন) তথ্য প্রযুক্তির সহায়তায় ঢাকার খিলক্ষেত এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মো. হাবিবুর রহমান উপজেলার বজরা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের রশিদপুর গ্রামের কালাগাজী বেপারী বাড়ির মৃত মো. মোস্তাফার ছেলে।
র্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) সহকারী পুলিশ সুপার জনাব, মো. গোলাম মোর্শেদ জানান, আসামি জামিন পেয়ে পলাতক থাকায় আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেন। তথ্য প্রযুক্তির সহায়তায় র্যাব-১১ নোয়াখালীর আভিযানিক দল পলাতক আসামিকে গ্রেফতার করে। আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সোনাইমুড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।