শনিবার, ২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ২:০২

ভাসমান কলেজ ছাত্রের লাশ উদ্ধার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মেঘনা নদী থেকে নরসিংদীর রায়পুরায় এক কলেজ শিক্ষার্থী মেহেদী হাসান (২২) নামের লাশ উদ্ধার করেছেন পুলিশ। শনিবার (১১ নভেম্বর) উপজেলার চরসুবুদ্ধি ইউনিয়নের বল্লমপুর এলাকার মেঘনা নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত মেহেদী উপজেলার চরাঞ্চলের সায়দাবাদ এলাকার মোশারফ হোসেনের ছেলে। সে নরসিংদী স্কলাস্টিকা মডেল কলেজ শিক্ষার্থী।
স্থানীয়রা জানান, উপজেলা বল্লমপুর এলাকায় মেঘনা নদীতে একটি লাশ ভাসছিল। পরে রায়পুরা থানা পুলিশকে খবর দেন তারা। দুপুর ১২টায় রায়পুরা থানা ও মির্জাচর নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা গিয়ে ভাসমান লাশটি উদ্ধারের পর তার পরিচয় শনাক্ত করে। পরে নিহতের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়।
নিহতের স্বজনরা জানান, মেহেদীর বাবা পুলিশ সদস্য মোশারফ হোসেন নারাণগঞ্জে কর্মরত। সন্তানদের নিয়ে তার স্ত্রী রায়পুরা পৌর শহরের শ্রীরামপুরে একটি বাসায় ভাড়া থাকেন। মেহেদী নরসিংদী স্কলাস্টিকা মডেল কলেজে পড়াশোনা করেন। গত বৃহস্পতিবার সন্ধ্যায় ভাড়া বাসা থেকে বের হয়ে আর ফিরেনি।
পরে শনিবার দুপুরে মেঘনা থেকে মেহেদীর লাশ উদ্ধারের খবর পান তার পরিবার।
রায়পুরা থানার উপপরিদর্শক রাকিবুল ইসলাম জানান, ভাসমান লাশটি উদ্ধারের পর পরিচয় না পাওয়া গেলেও পরে পরিচয় শনাক্ত হয়। মৃত্যুর কারণ জানতে লাশ নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।