শনিবার, ২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ২:০২

দুই বোনের মৃত্যু পানিতে ডুবে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : পুকুরের পানিতে ডুবে চট্টগ্রামের রাউজানে দুই বোনের মৃত্যু হয়েছে। সোমবার রাউজান উপজেলার বাগোয়ান ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের নুরুল ইসলাম সওদাগরের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলো সংযুক্ত আরব আমিরাত প্রবাসী মোহাম্মদ সালাউদ্দিনের সাড়ে তিন বছর বয়সী মেয়ে সামিরা আক্তার ও মো. কামালের ৩ বছর বয়সী মেয়ে রেখা আক্তার এবং তারা সম্পর্কে চাচাতো বোন।
স্থানীয় ইউপি সদস্য সৈয়দ মো. ইয়াসিন বলেন, সকালে নাস্তা করে খেলতে খেলতে পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির দক্ষিণ পাশে পুকুরে পড়ে যায় সামিরা ও রেখা। পরে সামিরার মা কাপড় ধোয়ার জন্য পুকুরে গেলে তাদের ভাসতে দেখে চিৎকার দেন। পরে স্থানীয়রা এসে সামিরা ও রেখাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।