শনিবার, ২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ২:৪৮

জেলেরা প্রস্তুত এবং আজ নিষেধাজ্ঞা শেষ।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ২২ দিনের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে আজ বৃহস্পতিবার। ইলিশের প্রজনন মৌসুম উপলক্ষ্যে সাগরে মাছ ধরার ওপর এতদিন নিষেধাজ্ঞা ছিল।
আজ বৃহস্পতিবার মধ্যরাত থেকে ফের শুরু হচ্ছে মাছ ধরা।
গত কয়েকদিন ধরেই কক্সবাজার শহরসহ বিভিন্ন জেলার জেলেপল্লীগুলোতে চলছে জোর প্রস্তুতি। নিষেধাজ্ঞা শেষ হওয়ার পরপরই যাতে মাছ ধরা শুরু করা যায়, এ লক্ষ্যে কক্সবাজারের অর্ধ লক্ষাধিক জেলে প্রস্তুতি সম্পন্ন করেছেন। এমনটি জানিয়েছেন জেলা বোট মালিক সমিতির নেতৃবৃন্দ।
দেখা গেছে, সাগরে যাবার প্রস্তুতি হিসাবে কেউ নৌকা মেরামত করেছে, কেউবা করেছে জাল মেরামত। আবার কেউ কেউ গুদাম থেকে জালের বস্তা সৈকতে আনছে। পাশাপাশি সৈকতের টিলায় অথবা ডকে নোঙর করে রাখা নৌকাগুলোতেও চলছে ধোয়া-মোছার কাজ।
জেলা ফিশিং বোট মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক মাস্টার মোস্তাক আহমদ জানান, কক্সবাজারে মাছ ধরার ছোট-বড় ৭ হাজারের অধিক যান্ত্রিক বোট রয়েছে। এসব বোটে প্রায় এক লাখ জেলে ও শ্রমিক নিয়োজিত রয়েছেন। ইলিশের প্রজনন মৌসুম উপলক্ষ্যে সাগরে মাছ ধরার ওপর ২২ দিনের নিষেধাজ্ঞা শেষ হওয়ার রাতেই মাছ ধরা শুরু করতে প্রস্তুত অর্ধ লক্ষাধিক জেলে। বাকি জেলেরাও প্রস্তুতি নিচ্ছেন। তারা দুই-একদিনের মধ্যেই সাগরে নামবে।