ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ভারী বর্ষণে মাটির ঘরের দেয়াল ধসে গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ঘুমন্ত অবস্থায় স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে উপজেলার রতনপুর নলিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আজ শুক্রবার সকালে নিহত স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করেন স্বজনেরা।
নিহত দুজন হলেন, কালিয়াকৈর উপজেলার রতনপুর নলিপাড়া গ্রামের হোসেন আলীর ছেলে এমারত হোসেন (৬৫) ও তাঁর স্ত্রী আছিয়া বেগম (৫০)।
স্বজন ও এলাকাবাসী সূত্রে জানা যায়, কালিয়াকৈরে গত বৃহস্পতিবার থেকে টানা বৃষ্টি হচ্ছে। ভারী বর্ষণে রতনপুর নলিপাড়া গ্রামের এমারত হোসেনের মাটির ঘরের দেয়াল ভিজে নরম হয়ে যায়। ঝুঁকিপূর্ণ ওই মাটির ঘরে বৃহস্পতিবার রাত ৯টার দিকে এমারত-আছিয়া দম্পতি ঘুমিয়ে পড়েন। পাশের অন্য ঘরে তাঁর ছেলেমেয়েরা ঘুমিয়ে ছিলেন। মধ্যরাতে মাটির ঘরের দেয়াল ধসে চাপা পড়ে স্বামী-স্ত্রী ঘটনাস্থলেই মারা যান। আজ শুক্রবার সকালে স্বজন ও আশপাশের লোকজন দুজনের লাশ উদ্ধার করেন।
এ বিষয়ে কালিয়াকৈর থানার আকবর আলী খান বলেন, নলিপাড়া গ্রামে মাটির ঘরের দেয়াল ধসে দুইজনের মৃত্যুর খবর তাঁরা শুনেছেন।
এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।