রবিবার, ২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৬:০৯

দুশ্চিন্তায় জেলেরা, সাগরে তেমন ইলিশ পাচ্ছে না।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : এখন আর কাঙ্ক্ষিত ইলিশ মাছ সাগরে পাচ্ছে না তাই দুশ্চিন্তায় জেলেরা এবং মৌসুমের শুরুতে কিছুদিন ইলিশ ধরা পড়লেও তাও মিলছে না। আষাঢ়-শ্রাবণের পর কয়েকদিন বড় আকারের ইলিশ নিয়ে ফিরেছিলেন উপকূলীয় বরগুনার জেলেরা। তবে এখন ভাদ্র পেরিয়ে আশ্বিনের মধ্যভাগে। সাগর ও নদীতে পানি বেড়েছে, থেমে-থেমে বৃষ্টিও হচ্ছে। তারপরও যে ইলিশ পাচ্ছে তা বিক্রি করে খরচের টাকা তুলতে পারছেন না সংশ্লিষ্টরা।
কাঙ্ক্ষিত ইলিশ না মেলায় দুশ্চিন্তায় পড়েছে প্রায় ৫০ হাজার পরিবার। মাছ ধরতে নদী ও সমুদ্রে নামতে ট্রলার, নৌকা ও জাল কিনতে দাদন নেয় এসব পরিবার। তবে এবার সেই টাকা পরিশোধ করতে পারছেন না তারা।
গভীর সমুদ্র থেকে মাছ ধরে প্রতিদিন বরগুনার পাথরঘাটায় দেশের বৃহত্তম মৎস্য অবতরণ কেন্দ্রে (বিএফডিসি) ফেরে প্রায় ৪০-৫০ ট্রলার।এর মধ্যে দুই-একটি পর্যাপ্ত মাছ পেয়েছে। বাকিরা ইলিশ ধরে খুশি হতে পারছেন না। ফলে বন্দরের সরগরমে ও ভাটা পড়েছে, অলস সময় পারছেন ব্যবসায়ীরা। তারা বলছেন, মৌসুমের এই সময়ে যে পরিমাণ মাছ আসার কথা তার তিন ভাগের এক ভাগও নেই।
সমুদ্রগামী কয়েক জেলে জানান, বেশির ভাগ ট্রলারে চাহিদা অনুযায়ী ইলিশ ধরা পড়ছে না। অনেক সময় মাছ বিক্রিতে বাজার খরচ ও তেলের টাকাও হয় না। তারা বলেন, আমরা সাগরে যাওয়ার আগে ট্রলার মালিক ও ব্যবসায়ীদের কাছ থেকে দাদন নিয়ে থাকি। মাছ ধরা না পড়ায় এখন ওই টাকাও ফেরত দেওয়া যাচ্ছে না।
কয়েকজন মাঝি জানান, চলতি মৌসুমের শুরুতে কয়েকদিন ছোট সাইজের ইলিশ ধরা পড়ে। পরে কিছুদিন বড় সাইজের ইলিশ ধরা পড়েছিল। এখন মৌসুম শেষের পথে, পর্যাপ্ত ইলিশ ধরা পড়ার কথা থাকলেও, পড়ছে খুবই সামান্য।