শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৭:৩৩

খালের পানিতে কিশোরের মৃত্যু।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : সাকিবুল হাসান (১৩) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে মাদারীপুরের রাজৈরে সেতু থেকে খালের পানিতে ঝাঁপ দিয়ে। গতকাল সোমবার দুপুরে উপজেলার আমগ্রাম ইউনিয়নের দক্ষিণ পাখুল্লা এলাকার ফকিরবাড়ি সেতুর নিচে এ ঘটনা ঘটে।
সাকিবুল হাসান একই এলাকার আলমগীর মৃধার ছেলে। সে আমগ্রাম মাদ্রাসার শিক্ষার্থী ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্র থেকে জানা যায়, গতকাল দুপুরে বন্ধুদের সঙ্গে পাখুল্লার খালে গোসল করতে যায় সাকিবুল। এ সময় তারা দুরন্তপনায় মেতে ওঠে। একপর্যায়ে ফকিরবাড়ি সেতুর ওপরে উঠে তারা খালের পানিতে ঝাঁপ দেয়। এভাবে পরপর দুবার ঝাঁপ দিয়ে উঠলেও তৃতীয়বার সাকিবুল খালের পানিতে ডুবে যায়। পরে স্থানীয় লোকজন গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, মো. আলমগীর হোসেন বলেন, কিশোরটি সেতু থেকে পানিতে ঝাঁপ দেওয়ার পরেই অসুস্থ হয়ে পড়ে। পরে আর সাঁতরে পাড়ে উঠতে পারেনি। সাকিবুলের পরিবারও এমনটাই জানিয়েছে। এরপরও তারা কোনো অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।