ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় ইলিশ রপ্তানি শুরু হয়েছে।
আজ শুক্রবার দুপুরে ৩ হাজার ২২৫ কেজি ইলিশ গেছে আগরতলায়। চলতি সপ্তাহে আখাউড়া দিয়ে আরও একাধিক ইলিশের চালান আগরতলা রাজ্যে যাওয়ার কথা রয়েছে।
বাংলাদেশের রপ্তানিকারক প্রতিষ্ঠান ঢাকার রিপা এন্টারপ্রাইজ ৫০ হাজার কেজি মাছ রপ্তানির অনুমতি পেয়েছে।
আখাউড়া স্থলবন্দরের প্রীতম এন্টারপ্রাইজের সিঅ্যান্ডএফ এজেন্টের প্রতিনিধি মনির হোসেন বাবুল সাংবাদিকদের বলেন, ত্রিপুরায় ইলিশের চাহিদা ব্যাপক রয়েছে। সেখানকার ব্যবসায়ীরা চাইলে আরও মাছ পাঠাতে পারব। প্রতি কেজি ইলিশ ১০ মার্কিন ডলারে ভারতের বাজারে রপ্তানি করা হচ্ছে।
আখাউড়া স্থলবন্দরের রাজস্ব কর্মকর্তা আলী আহমেদ জানান, ৩০ অক্টোবর পর্যন্ত ইলিশ রপ্তানির সুযোগ রয়েছে। এই সময়ের মধ্যেই ব্যবসায়ীরা নিয়ম মেনে ভারতে ইলিশ রপ্তানি করতে পারবেন।