সোমবার, ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১২:৩৪

গুদামে আগুন এবং কয়েক লাখ টাকার ক্ষতি।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : অটোরিকশার ব্যাটারি ও মনিহারি দোকানের গুদাম আগুন লেগে পুড়ে গেছে, আর এ ঘটনা টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার হামিদপুর বাজারের। শনিবার (১৬ সেপ্টেম্বর) রাতে এ অগ্নিকাণ্ড হয়। আগুনে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কালিহাতী ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা মঞ্জুরুল ইসলাম।
বাজারের ব্যবসায়ী ও স্থানীয়রা জানান, শনিবার রাত ৮টায় উপজেলার হামিদপুর বাজারে কুদ্দুস তালুকদারের বাড়িতে আগুন লাগে।
বাড়ির মালিক জানান, তার একটি টিনশেড ঘর গুদাম হিসেবে বাজারের দুই ব্যাবসায়ীর কাছে ভাড়া দিয়েছেন। শনিবার রাতে এশার নামাজে যাওয়ার সময় হঠাৎ গুদামঘরে আগুন দেখতে পান। এ সময় তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করেন এবং ফায়ার সার্ভিসে খবর দেন।
পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
গুদাম ভাড়া নেওয়া কাব্য ব্যাটারি হাউসের মালিক সুধাংশু শেখর সাহা জানান, গুদামে নতুন ও পুরাতন মিলিয়ে দুই শতাধিক ব্যাটারিসহ অন্যান্য মালামাল মজুদ ছিল। যার পুরোটাই পুড়ে গেছে। এতে তার ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
অপর মনিহারি ব্যবসায়ী তোয়াজ আলী জানান, গুদামে রাখা চাল, ডাল, ভুট্টা, পেঁয়াজ, রসুন, মরিচসহ নিত্য প্রয়োজনীয় সব দ্রব্য পুড়ে গেছে। এতে ক্ষতি হয়েছে পাঁচ লক্ষাধিক টাকার।
গুদাম মালিকের দাবি, তার ঘর পুড়ে গিয়ে প্রায় পাঁচ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
কালিহাতি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মঞ্জুরুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ড হয়েছে। এ ঘটনার বিষয়ে শোনামাত্রই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।