ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : গোয়ালঘরে মিলেছে মোসা. দিশা বেগম (১১) নামে এক স্কুলছাত্রীর লাশ। ৭ মার্চ সোমবার দুপুরে শেরপুর সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের ভাতশালা গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়দের ধারণা, মায়ের সাথে অভিমান করে ওই স্কুলছাত্রী গোয়ালঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করতে পারে। নিহত মোসা. দিশা বেগম (১১) স্থানীয় ইসমাইল হোসেন টিটু মিয়ার মেয়ে এবং পার্শ্ববর্তী সাপমারি এলাকার নতুন কুড়ি কিন্ডারগার্টেন স্কুলের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল।
সদর থানার পরিদর্শক (তদন্ত) বন্দে আলী মিয়া জানান, নিহতের লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, স্কুলের টিউশন ফি দিতে দেরি হওয়ায় অভিমানে সে আত্মহত্যা করতে পারে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।