ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তার কাছ থেকে টাকা ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা প্রকাশ্যে পিস্তল ঠেকিয়ে আর এই ঘটনা রাজধানীর খিলগাঁও এলাকায়।
গতকাল রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা আনোয়ার হোসেন এই ছিনতাইয়ের ঘটনার শিকার হন। ছিনতাইকারীরা তার কাছ থেকে ১২ হাজার টাকা ছিনিয়ে নিয়ে মুহূর্তেই পালিয়ে যায় বলে জানান তিনি।
আনোয়ার হোসেন বলেন, খিলগাঁও সিফাইবাগে বাসায় যাওয়ার উদ্দেশ্যে অফিস শেষ করে প্রতিদিনের মতো বাংলামোটর এলাকা থেকে রিকশায় উঠে খিলগাঁও চৌরাস্তা পার হই। এরপরই সিপাহীবাগ ফুটপাতের পাশ থেকে অপর একটি রিকশায় থাকা তিন ছিনতাইকারী আমার পথ রোধ করে। এ সময় ছিনতাইকারীরা তাদের হাতে থাকা পিস্তল আমার পেটে ঠেকিয়ে যা আছে দিয়ে দিতে বলে। আমি মানিব্যাগ থেকে ১২ হাজার টাকা দিয়ে দিই। এ সময় পাশের ফুটপাত দিয়ে অনেকে চলাচল করলেও কেউ তাদের প্রতিরোধ করেনি।
তিনি আরো বলেন, ছিনতাইকারীদের পরনে কোর্ট প্যান্ট ছিল। দেখে চেনার উপায় নেই তারা ছিনতাইকারী। যে রিকশাতে তারা ছিল সেই রিকশার চালকও ছিনতাইকারী চক্রের সদস্য বলে মনে হয়েছে।
এ বিষয়ে খিলগাঁও থানার ওসি জনাব, ফারুকুল বলেন, ঘটনার খবর পেয়েছি। তবে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে খোঁজ নিয়ে ছিনতাইকারীদের ধরার চেষ্টা করব।