বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৮:৪৭

ছিনতাইয়ের অভিযোগে গ্রেফতার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ছিনতাইয়ের অভিযোগে দুইজনকে আটক করেছে সদর থানার পুলিশ।
রোববার (৫ ডিসেম্বর) রাত ১১ টার দিকে শেরপুর সদর উপজেলার কামারেরচর ইউনিয়নের ডুবারচরে ওই ঘটনাটি ঘটে। আটককৃত দুজন হলেন শেরপুর পৌর শহরের মীরগঞ্জ মহল্লার বাসিন্দা আলিফ ও আরাফাত।
পুলিশ সূত্রে জানা গেছে, রোববার রাত ১১টায় স্কুল থেকে বাড়ি ফিরছিলেন শ্রীবরদী উপজেলার ঝগড়ারচর হাই স্কুলের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম। তিনি ডুবারচর এলাকায় আসলে পুলিশ পরিচয়ে তার পথ আটকায় ওই দুই যুবক। এরপর মাদক উদ্ধারের নামে তার শরীরে তল্লাশী চালান তারা। এসময় প্রধান শিক্ষক রফিকুল ইসলামের সাথে থাকা মোবাইল ও টাকা নিয়ে পালানোর চেষ্টা করে আলিফ ও আরাফাত। পরে শিক্ষক রফিকের চিৎকারে স্থানীয়রা এসে আটক করে তাদের। পরে টহল পুলিশ দল গিয়ে তাদের আটক করে সদর থানায় নিয়ে যায়।
এ ব্যাপারে শেরপুর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম বলেন, আলিফ ও আরাফাত দুজনেই চিহ্নিত অপরাধী। আলিফ একটি মামলায় এক সপ্তাহ আগে জামিনে বেরিয়েছে। এ ঘটনায় সদর থানায় একটি ছিনতাইয়ের মামলা করা হয়েছে।