ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : দেশের বিভিন্ন জায়গায় গতকাল নেমেছিল স্বস্তির বৃষ্টি। এরপরই ভ্যাপসা গরম কিছুটা কমেছে। আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আগামী পাঁচ দিনে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি অব্যাহত থাকতে পারে।
আজ মঙ্গলবার সন্ধ্যা ৬ টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। আগামী তিনদিনে বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়বে।
এছাড়া বিছিন্নভাবে দেশের কোথাও কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। এসময় সারাদেশের আবহাওয়া কিছুটা শীতল থাকবে। সারাদেশে দিনের তাপমাত্রা ১-৩ ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।
এদিকে পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘যশ’ উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও আরো ঘনীভূত হয়ে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। ঘূর্ণিঝড় বর্তমানে একই এলাকায় অবস্থান করছে। সমুদ্র বন্দরগুলো দুই নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।
ঢাকায় আজ সূর্যোদয় ভোর ৫ টা ১২ মিনিটে এবং সূর্যাস্ত সন্ধ্যা ৬ টা ৩৯ মিনিটে।