ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : দুর্ঘটনায় দুইজন পথচারী নিহত। সিরাজগঞ্জের হাটিকুমরুলে পাথরবোঝাই ট্রাকের চাপায় দলিল লেখক ও কৃষক দুইজন পথচারী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল ৭টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল ইউনিয়নের ধোপাকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, হাটিকুমরুল ইউনিয়নের ধোপাকান্দি এলাকার মৃত রহিম উদ্দিনের ছেলে কৃষক মো. ঠান্ডু মিয়া (৬০) ও দাদনপুর গ্রামের ফাইজুল ইসলাম শেখের ছেলে সলঙ্গা সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক আব্দুল আলীম শেখ (৪০)।
হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি জনাব, মাহাবুব রহমান জানান, সকালে ফজরের নামাজ শেষে মহাসড়ক দিয়ে হাঁটছিলেন আলীম ও ঠান্ডু মিয়া। এ সময় ঢাকা থেকে উত্তরবঙ্গগামী পাথরবোঝাই একটি ট্রাক তাদের চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে পরিবারের কাছে হস্তান্তর করেছেন এবং এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।