শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১:১৪

গুড়ের কারখানায় অভিযান এবং জরিমানা।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান চালিয়ে মালিককে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত, আর এ ঘটনা রাজশাহীর বাঘায়। এ সময় বিপুল পরিমাণ ভেজাল গুড় তৈরির উপকরণ ও বিভিন্ন রাসায়নিক দ্রব্য জব্দ করে জনসম্মুখে ধ্বংস করা হয়।
গতকাল বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌরসভার রুস্তমপুর গ্রামে একটি বাড়িতে গড়ে তোলা গুড় তৈরির কারখানায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪১ ধারায় কারখানার মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়। এ সময় কারখানা থেকে ভেজাল গুড় তৈরির বিভিন্ন উপকরণ ও রাসায়নিক দ্রব্য জব্দ করা হয়। পরে সেগুলো জনসম্মুখে ধ্বংস করা হয়।
অভিযানের বিষয়টি নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জনাবা, নুসরাত জাহান অনন্যা বলেন, কারখানার মালিক অপরিচ্ছন্ন পরিবেশে বিভিন্ন ক্ষতিকর রাসায়নিক দ্রব্য ব্যবহার করে গুড় তৈরি করছিলেন। এমন অভিযোগের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ ঘটনায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪১ ধারায় তাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।