ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, প্রি-পেইড মিটার বাতিলসহ পাঁচ দফা দাবি বাস্তবায়নের দাবিতে নীলফামারীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন জেলা শ্রমিক ঐক্য সংগ্রাম পরিষদ। পরে দাবিগুলো বাস্তবায়নের জন্য বিদ্যুৎ মন্ত্রী বরাবর জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি প্রদান করা হয়।
গতকাল মঙ্গলবার নীলফামারী শহরের বড় ট্রাফিক মোড় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। সেখানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে জেলা শ্রমিক ঐক্য সংগ্রাম পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন সভাপতিত্ব করেন। বক্তব্য দেন সংগঠনের সহসভাপতি মাহবুবুল আলম টুলু, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম আবু, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল জলিল এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি আলিফ সিদ্দিকী প্রান্তর।
সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘ সময় ধরে লোডশেডিংয়ের কারণে সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। দিন-রাত সমানতালে বিদ্যুৎ বিভ্রাট চলায় জনজীবন ও ব্যবসা-বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়ছে। তারা দ্রুত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার দাবি জানান।
বক্তারা বলেন, জনদুর্ভোগ নিরসনে দ্রুত এসব দাবি বাস্তবায়ন করতে হবে। অন্যথায় দাবি আদায়ে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন।