ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ভেজাল খাদ্যপণ্য উৎপাদনের অভিযোগে ঢাকার কেরানীগঞ্জে দুটি কারখানায় অভিযান চালিয়ে ৪ লাখ টাকা জরিমানা করেছেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত। এ সময় বিপুল পরিমাণ নকল ও নিম্নমানের খাদ্যসামগ্রী জব্দ করে ধ্বংস করা হয়।
মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান র্যাব-১০-এর সহকারী পরিচালক (মিডিয়া) জনাব, তাপস কর্মকার। তিনি জানান, মঙ্গলবার বিকালে র্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব, আবু হাসানের নেতৃত্বে এবং র্যাব-১০-এর সহযোগিতায় কেরানীগঞ্জ মডেল থানার শাক্তা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
অভিযানে বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই অস্বাস্থ্যকর পরিবেশে বিভিন্ন নামী ব্র্যান্ডের মোড়কে নকল ও ভেজাল খাদ্যপণ্য উৎপাদনের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী শাক্তা এলাকার বাসিন্দা শাহিন রেজা (৪১) এবং দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা ইদ্রিস আলীকে (৫৭) দুই লাখ টাকা করে মোট চার লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযানে বিপুল পরিমাণ নকল ও ভেজাল খাদ্যপণ্য জব্দ করে ধ্বংস করা হয় বলে জানিয়েছেন র্যাব।