ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনার প্রেক্ষিতে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে একযোগে সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়েছে।
অধ্যাপক ডাঃ মির্জা মো. জিয়াউল ইসলাম, পরিচালক, বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের নির্দেশনায় এবং ডাঃ মো. আজহারুল ইসলাম, উপ-পরিচালক (হাসপাতাল)-এর নেতৃত্বে হাসপাতাল প্রাঙ্গণে এ র্যালির আয়োজন করা হয়।
র্যালিতে হাসপাতালের বিভিন্ন বিভাগের চিকিৎসক, নার্স, কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন স্লোগান ও বার্তা সম্বলিত ব্যানার ও ফেস্টুন বহন করেন।
এ সময় বক্তারা বলেন, ডেঙ্গু একটি প্রতিরোধযোগ্য রোগ। এডিস মশার প্রজননস্থল ধ্বংস, বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা এবং জমে থাকা পানি অপসারণের মাধ্যমে ডেঙ্গুর বিস্তার রোধ করা সম্ভব। তারা ডেঙ্গু প্রতিরোধে সকলকে সচেতন ও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।