ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মশাল মিছিল করেছেন ঢাকা রাজধানীর বনশ্রীতে স্থানীয় বাসিন্দারা, সারা দেশে ক্রমবর্ধমান আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিতের দাবিতে এ মশাল মিছিল হয়েছে। গতকাল সোমবার রাত ৯টায় ‘রামপুরা ছাত্র-জনতার ব্যানারে আয়োজিত এই মশাল মিছিলটি ঢাকা বনশ্রী এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
স্থানীয় সূত্র জানিয়েছে, মশাল মিছিলটি বনশ্রী এলাকার বি ব্লক থেকে শুরু হয়ে সি ব্লক, ডি ব্লক এলাকা প্রদক্ষিণ করে। এ সময় মিছিলকারীরা ছিনতাইকারীর ঠিকানা, বনশ্রীতে হবে না, আমার সোনার বাংলায়, চুরি-ডাকাতির ঠাঁই নাই, জ্বালো জ্বালো, আগুন জ্বালো- ইত্যাদি স্লোগান দেয়।
মিছিলকারীরা জানান, সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, নিরাপত্তাহীনতা, ছিনতাই, ডাকাতি, ধর্ষণ ও নারী নিপীড়নের প্রতিবাদে এই মিছিলের আয়োজন করা হয়েছে। মিছিলে অংশ নেওয়া তাহসিন হক শাফিন নামে একজন বলেন, সারা দেশে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে এবং ছিনতাই, ধর্ষণ, নারী নির্যাতনের ঘটনা ঘটছে।
এজন্য বনশ্রী এলাকার বাসিন্দারা ও বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মশাল মিছিল করছি।