মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১১:৪০

দালালসহ চোর চক্রের কয়েকজন সদস্য আটক।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : কম্পিউটার ও এসির তার চোর চক্রের তিন সদস্যসহ দালাল চক্রের এক সদস্যকে আটক করা হয়েছে, আর এ আটকের ঘটনা ঘটেছে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নতুন ভবনের দশতলা থেকে।
গতকাল বুধবার তাদের আটক করা হয়। তারা হলেন, কম্পিউটার ও এসির তার চোর চক্রের সদস্য মো. দেলোয়ার হোসেন (৪২), মো.কামাল হোসেন(২৭), মো.আবুল কালাম (২৭) ও দালাল চক্রের সদস্য ওমর ফারুক (৩৮)।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যদের প্লাটুন কমান্ডার (পিসি) মো. বাবুল জানান, নতুন ভবনের ওয়ার্ডমাস্টার রিয়াজ উদ্দিন খবর দিলে অপরাধচক্রের চার সদস্যকে আটক করা হয়।
পরে ঢামেকের পুলিশ ক্যাম্পের ইনচার্জের কাছে তাদের সোপর্দ করা হয়।
ঢামেকের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা চুরির বিষয়টি স্বীকার করেন। নতুন ভবনের ওয়ার্ডমাস্টার এ বিষয়ে বাদী হয়ে একটি মামলা করেন। পরে তাদের শাহবাগ থানায় হস্তান্তর করা হয়।