মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১:২৬

অজ্ঞান পার্টির তিন সদস্য আটক।

ডেইলি ক্রাইম বার্তা : অভিযান চালিয়ে বরিশাল নগরীর নথুল্লাবাদ এলাকায় এক নারীসহ অজ্ঞান পার্টির তিন সদস্যকে আটক করেছেন গোয়েন্দা (ডিবি) পুলিশ।
গতকাল বুধবার (২৩ অক্টোবর) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল। মিডিয়া সেল জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে এয়ারপোর্ট থানাধীন নথুল্লাবাদের বিআরটিসি বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের সামনে অভিযান চালায় মহানগর গোয়েন্দা শাখার সদস্যরা। এ সময় রফিকুল ইসলাম (৩৫), তামান্না আক্তার তমা (২০) ও মো. মোস্তাকিম বিল্লাহ রনিকে (২৪) আটক করা হয়। পাশাপাশি তাদের হেফাজত থেকে ৫০টি ডিসোপ্যান-২ ও ২০টি ইটিজিন ট্যাবলেটসহ মোট ৭০টি চেতনানাশক ট্যাবলেট উদ্ধার করা হয়। অভিযানের নেতৃত্বে থাকা পুলিশ পরিদর্শক মো. ছগির হোসেন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানিয়েছে তারা অজ্ঞান পার্টির সক্রিয় সদস্য। বাসসহ বিভিন্ন পরিবহনের যাত্রীদের চেতনানাশক ট্যাবলেটের মাধ্যমে অজ্ঞান করে তাদের সঙ্গে থাকা অর্থসহ মূল্যবান মালামাল লুটে নেয় চক্রটি। তিনি আরও বলেন, এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা করা হয়েছে এবং তাদের থানায় হস্তান্তর করা হয়েছে।
“জামাল কাড়াল সংবাদদাতা বরিশাল”