ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মো. কাওসার আহমদ (৩৫) নামের এক ইটভাটা শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে, আর এ লাশ উদ্ধার হয়েছে সিলেট মহানগরের দক্ষিণ সুরমার ঝালোপাড়া এলাকায় সুরমা নদী থেকে। স্থানীয়দের খবরের ভিত্তিতে গতকাল মঙ্গলবার দক্ষিণ সুরমা থানার একদল পুলিশ ঝালোপাড়া মসজিদ ঘাট থেকে লাশটি উদ্ধার করেন।
মো. কাওসার আহমদ সিলেটের জকিগঞ্জের উত্তর লোহারমহলের আতাউর রহমানের ছেলে। তিনি সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজারে একটি ইটভাটায় কাজ করতেন।
সেখানেই একটি বাসায় তিনি ভাড়া থাকতেন। তবে এটি খুন না স্বাভাবিক মৃত্যু তা এখনই বলতে পারছেন না পুলিশ।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার জনাব, মুহাম্মদ সাইফুল ইসলাম জানান, স্থানীয়রা লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য এমএজি ওসমানী মেডিকেল কলেজ মর্গে পাঠায়।
তিনি আরও জানান, মরদেহটি কিছুটা পঁচে গেছে, তাই আঘাতের চিহ্ন আছে কি না বোঝা যাচ্ছে না। কীভাবে মৃত্যু হয়েছে সেটি ময়না তদন্ত প্রতিবেদন পাওয়া গেলে নিশ্চিত হওয়া যাবে।
এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।