শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৪:২৮

মোটরসাইকেল আরোহীরা নিহত সড়ক দুর্ঘটনায়।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : কাভার্ডভ্যান চাপায় কুমিল্লায় দুই মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছেন। তাঁরা দুইজনেই কুমিল্লা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ইপিজেড) একটি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।
রবিবার (৮ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে কুমিল্লা নগরীর আশ্রাফপুর ইয়াছিন মার্কেট এলাকার ইপিজেড ফায়ার সার্ভিস স্টেশন সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, মো. মাসুম হোসেন (২৯) খুলনার দাকোপ থানার বানিশান্তা গ্রামের মোশারফ হোসেনের ছেলে এবং মো. হাসান মিয়া (২৪) টাঙ্গাইলের দেলদুয়ার থানার নারুন্দা গ্রামের মজনু মিয়ার ছেলে।
কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ইপিজেড পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) কবির আহমেদ জানান, রবিবার রাত সাড়ে ৮টার দিকে প্রতিষ্ঠানটি ছুটি হয়। পরে দুইজনে মোটরসাইকেলে করে বাসার দিকে যাচ্ছিলেন। রাত ৯টার দিকে ইয়াছিন মার্কেট এলাকায় ফায়ার সার্ভিস স্টেশনের সামনে এলে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির কাভার্ডভ্যান তাদের বহনকারী মোটরসাইকেলটিকে চাপা দেয়।
এতে ঘটনাস্থলেই হাসান মিয়ার মৃত্যু হয়। স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে মাসুমকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।