বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৩:৫৯

দুই যুবক নিহত গণপিটুনিতে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : গণপিটুনিতে ঢাকার যাত্রাবাড়ীতে মো. সাইদুল ইসলাম ইয়াসিন (১৯) ও সাইদ আরাফাত শরিফ (২০) নামে দুই যুবক নিহত হয়েছেন। আজ বুধবার সকালে এ ঘটনা ঘটে।
নিহত ইয়াসিন যাত্রাবাড়ীর ধলপুরের বউবাজার এলাকার শাখাওয়াত হোসেনের ছেলে।
নিহত শরিফের বাবার নাম কবির হোসেন বলে জানা গেছে।
আহত অবস্থায় তাদেরকে সকাল সোয়া ১০টায় ঢামেক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। পরে চিকিৎসারত অবস্থায় ইয়াসিন ১০টা ৫৫ মিনিটে মারা যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া বলেন, যাত্রাবাড়ী থানা এলাকায় তাদের গণধোলাই দেওয়া হয়।
পরে ঢামেক হাসপাতাল নিয়ে আসা হয়। মরদেহ দুইটি ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি যাত্রাবাড়ী থানাকে অবগত করা হয়েছে।
এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।