ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির আশঙ্কা করছে আবহাওয়া অফিস ঢাকাসহ দেশের ২০ জেলার ওপর দিয়ে।
শুক্রবার দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক সতর্কবার্তায় এ আশঙ্কার কথা জানানো হয়েছে।
এরই মধ্যে মধ্যরাত থেকেই ঢাকা ও আশপাশের বিভিন্ন এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়। আবার তা কিছুটা সময় থেমে থাকে। এরপর ভোর ৫টার দিকে আবারও মাঝারি আকারে বৃষ্টি ঝরতে শুরু করে। সাড়ে ৬টা থেকে ঝুম বৃষ্টি শুরু হয়। সকাল সাড়ে ৯টার সময় এই প্রতিবেদন লেখা পর্যন্ত বৃষ্টি হচ্ছে ঢাকা রাজধানীতে।
আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেনের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, যশোর, কুষ্টিয়া, ফরিদপুর, মাদারীপুর, কুমিল্লা, নোয়াখালী, বরিশাল, পটুয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট জেলার ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেইসঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।